কর ফাঁকির মামলায় অ্যাপলকে ১৪০০ কোটি ডলার জরিমানা

১১ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১১  

আয়ারল্যান্ডে কর ফাঁকির মামলায় প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ১ হাজার ৪০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিস। ৮ বছর ধরে চলা মামলাটির রায় দিয়েছে ইইউ'র এই শীর্ষ আদালত।

গত সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে আইফোন সিক্সটিন সিরিজ উন্মোধন করেছে অ্যাপল। আর তার কয়েক ঘন্টার মধ্যেই এই এমন খবর এলো।

২০১৬ সালে মামলাটি দায়ের করে ইউরোপিয়ান কমিশন, যেখানে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে অ্যাপলকে অবৈধ ট্যাক্স সুবিধা দিয়ে আসছিলো আইরিশ সরকার।

এমনকি মামলা চলাকালীন আইফোন নির্মাতার কাছ থেকে ফাঁকি দেয়া করের অর্থ পরিশোধের দাবি জানায়নি ডাবলিন। কারণ অবৈধ সুবিধার কারণেই ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পরিচালনার জন্য অ্যাপলের সদরদপ্তর তৈরি করা হয় আয়ারল্যান্ডে। রাষ্ট্রের অর্থ ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে এই মামলা উদাহরণ তৈরি করবে বলে দাবি ইউরোপীয় প্রতিযোগিতা কমিশনের প্রধানের।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই রায়ে হতাশা ব্যক্ত করেছে অ্যাপল। কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কখনোই কর ফাঁকি দেয়নি প্রতিষ্ঠানটি।

ডিবিটেক/বিএমটি